বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ প্রতিবেদন
পরিবেশের নীরব সৈনিক কুড়ানিরা, প্লাস্টিক বর্জ্য সংগ্রহে রক্ষা করছেন পরিবেশের ভারসাম্য
শিলিগুড়ি: বিশ্ব পরিবেশ দিবসে যখন পরিবেশ রক্ষার নানা উদ্যোগ ও সচেতনতার বার্তা সামনে আসে, তখন সমাজের এক নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের অবদান অনেক সময়ই আড়ালে থেকে যায়।
তারা হলেন কুড়ানিরা – যারা প্রতিদিন শহরের রাস্তা, বাজার, ডাস্টবিন ও ফাঁকা জায়গা থেকে প্লাস্টিকের বোতল, প্যাকেট, ক্যান ও অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে।
ভোর থেকে রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করে এই মানুষগুলো পরিবেশকে দূষণমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
রাস্তাঘাটে ছড়িয়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে তারা পুনর্ব্যবহারের চক্রে ফিরিয়ে দেন।
ফলে একদিকে যেমন তাদের সংসার চলে, অন্যদিকে পরিবেশে প্লাস্টিক দূষণের মাত্রাও অনেকাংশে কমে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক বর্জ্য দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে তা মাটির উর্বরতা নষ্ট করে, নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেয় ও জলাশয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে ওঠে।
কুড়ানিদের সংগ্রহ করা এই বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য শিল্পে পৌঁছে যাওয়ায় পরিবেশের ওপর চাপ অনেকটাই কমে।
তবে সমাজের জন্য এত বড় অবদান রাখলেও কুড়ানিরা প্রায়শই অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে জীবন কাটান।
পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা ও সামাজিক স্বীকৃতির অভাবে তাদের কাজ আরও কঠিন হয়ে ওঠে। অথচ পরিবেশ রক্ষার ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য।











































