শিলিগুড়ি: ট্রাফিক নিয়ম মানার বার্তা দিতে এবার অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক গার্ড।
বৃহস্পতিবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় দেখা গেল এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি, যা মুহূর্তের মধ্যেই পথচলতি মানুষের নজর কেড়েছে।
এদিন রাস্তায় “যমরাজ” সেজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে।
হেলমেটবিহীন বাইক আরোহীদের থামিয়ে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেন পুলিশ কর্মীরা। পাশাপাশি হেলমেট ব্যবহারের গুরুত্বও বোঝানো হয় সাধারণ মানুষকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন রাস্তায় প্রতিনিয়ত বহু বাইক আরোহীকে হেলমেট ছাড়াই যাতায়াত করতে দেখা যায়।
এর জেরে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানির ঘটনাও সামনে আসছে। সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে আরও বেশি ট্রাফিক সচেতনতা গড়ে তুলতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
“যমরাজ”-এর প্রতীকী উপস্থিতির মাধ্যমে মৃত্যুর ঝুঁকির বার্তা তুলে ধরে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করা হয়।
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।











































