শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ট্রাফিক আইন আরও কড়াভাবে কার্যকর করতে অভিযান জোরদার করেছে ট্রাফিক দপ্তর।
সেইমতো বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি ট্রাফিক বিভাগের বালাসন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সিটি সেন্টারের সামনে হেলমেট বিহীন দুই চাকার গাড়ি চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়।
এদিন বালাসন ট্রাফিক গার্ডের ওসি গোবিন্দ রায়ের নেতৃত্বে চলা এই অভিযানে একাধিক মোটরবাইক আরোহীকে আটক করে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
পাশাপাশি গাড়ি চালকদের সচেতন করতেও দেখা যায় ট্রাফিক পুলিশকে।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।
হেলমেট ছাড়া গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ বলেও জানানো হয়।
এদিনের এই অভিযানকে ঘিরে সিটি সেন্টার এলাকায় কিছুক্ষণের জন্য যানবাহন তল্লাশি চললেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু সাধারণ মানুষ।











































