কিক বক্সিং রিংয়ে শিলিগুড়ির দাপট, চার সোনা জিতে জাতীয় মঞ্চে ব্রুজার্স ব্রিগেড!

শিলিগুড়ি: সকালে পড়াশোনা আর বিকেলে কঠোর অনুশীলন এই নিয়ম মেনেই স্বপ্নের পথে এগিয়ে চলেছে শিলিগুড়ির একঝাঁক তরুণ কিক বক্সার।

সেই পরিশ্রম ও আত্মবিশ্বাসের জোরেই রাজ্য কিক বক্সিং প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পেল শহরের ব্রুজার্স ব্রিগেড কমব্যাট স্পোর্টস অ্যাকাডেমি।

চারটি সোনা ও একটি রুপো জিতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে তারা।

সম্প্রতি কদমতলার বিএসএফ সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত রাজ্য কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেন।

কঠিন প্রতিযোগিতার মধ্যেও নিজেদের দক্ষতা ও লড়াইয়ের মানসিকতা দিয়ে সকলের নজর কেড়েছে শিলিগুড়ির এই দল।

বিশেষভাবে প্রশংসিত হয়েছে মাত্র ১৩ বছরের আয়ুস দে।

বরদাকান্ত বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির এই ছাত্র অনূর্ধ্ব-১৩ বিভাগের ৪২ কেজি বিভাগে সোনা জিতে সকলকে মুগ্ধ করেছে। ছোটবেলা থেকেই কিক বক্সিংয়ের প্রতি আগ্রহী আয়ুসের লক্ষ্য, ভবিষ্যতে দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা।

এছাড়াও অনূর্ধ্ব-১৮ বিভাগের ৬২ কেজি বিভাগে সোনা জিতেছে শ্রীকান্ত সাধু। একই বিভাগের ৫৫ কেজিতে চ্যাম্পিয়ন হয়েছে প্রসেনজিৎ সাহা ও দেব হালদার অর্জন করেছে রুপো পদক।

অন্যদিকে, ১৮ ঊর্ধ্ব বিভাগের ৬২ কেজিতে সোনা এনে দিয়েছে গৌরব সরকার। উল্লেখযোগ্যভাবে, প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাকাডেমির প্রত্যেক খেলোয়াড়ই পদক জিতে ফিরেছে।

এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোচ হারাধন হালদার-এর।

তাঁর কথায়, খেলোয়াড়রা এখন জাতীয় স্তরে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছে। তবে ভবিষ্যতে আরও বড় মঞ্চে ধারাবাহিক সাফল্য পেতে প্রয়োজন আর্থিক সহায়তা ও উপযুক্ত পৃষ্ঠপোষকতার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here