ফার্নিচারের দোকানের আড়ালে ব্রাউন সুগারের কারবার! মাটিগাড়ায় গ্রেফতার গৌরাঙ্গ বর্মন!

শিলিগুড়ি: ফার্নিচারের দোকানকে সামনে রেখে চলছিল ব্রাউন সুগারের ব্যবসা এমনই অভিযোগে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি।

ধৃতের নাম গৌরাঙ্গ বর্মন (৪১)। তিনি সিসাবাড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, পাচকেলগুঁড়িতে গৌরাঙ্গ বর্মনের একটি ফার্নিচারের দোকান রয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ওই দোকানে অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।

সেখান থেকেই গৌরাঙ্গ বর্মনকে গ্রেফতার করা হয়।

তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় ৫৪ গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ ৯২০০ টাকা সহ দুটি মোবাইল ফোন।

উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই ফার্নিচারের দোকানের আড়ালে মাদক ব্যবসা চালানো হচ্ছিল।

ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্তে আরও তথ্য জানতে পুলিশ ধৃতের রিমান্ডের আবেদন জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here