শিলিগুড়ি: শহরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে বিশেষ “অ্যান্টি নার্কোটিক্স সেল”।
শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন ডিসিপি ট্র্যাফিক কাজী শামসুদ্দিন আহমেদ।
তিনি জানান, জমি মাফিয়া সংক্রান্ত কোনও সমস্যা বা অভিযোগ থাকলে সাধারণ মানুষ যেন সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমল থেকেই শিলিগুড়ি শহরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে চলেছিল।
এবার সেই চক্র ভাঙতে কড়া নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
এদিন সাংবাদিক বৈঠকে মাদকবিরোধী অভিযানের কথাও তুলে ধরেন ডিসিপি।
তিনি জানান, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে গঠন করা হয়েছে বিশেষ “অ্যান্টি নার্কোটিক্স সেল”।
এই সেলের নেতৃত্বে থাকবেন একজন এডিসিপি। এছাড়াও থাকবেন একজন এসিপি, ইন্সপেক্টর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এই বিশেষ টিমের মূল কাজ হবে নারকোটিক্স ও এনডিপিএস সংক্রান্ত অপরাধ দমন, মাদক পাচারকারীদের গ্রেপ্তার ও মাদকাসক্তদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।
তিনি আরও জানান, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটি নির্দিষ্ট নম্বর চালু করা হয়েছে।
সেই নম্বরে কেউ যদি মাদক পাচার বা মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দেন, তাহলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।
সাংবাদিক বৈঠকে সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ চুরির ঘটনার অগ্রগতির কথাও জানান তিনি।
ফেব্রুয়ারি মাসে মাটিগাড়ার উত্তরায়ণে একটি বাড়িতে চুরির ঘটনায় প্রায় ৯৫ লক্ষ টাকার সোনা ও নগদ অর্থ খোয়া যায়।
সেই ঘটনায় তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাশাপাশি, অপর একটি চুরির ঘটনায় সিকিমের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দামি ক্যামেরা, মোবাইল ফোন ও ঘড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উভয় ঘটনার তদন্ত এখনও চলছে।
ডিসিপি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “শিলিগুড়ি শহরকে অপরাধমুক্ত করতে প্রশাসন সর্বদা তৎপর।”











































