দার্জিলিং জেলায় উন্নয়নের খতিয়ান পর্যালোচনা, প্রশাসনিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর
শিলিগুড়ি: দার্জিলিং জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল সাংসদ রাজু বিস্তা-র উপস্থিতিতে।
বৈঠকে দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, মাটিগাড়া- নকশালবাড়ি সহ ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিধায়করা উপস্থিত ছিলেন।
জেলা শাসক, জিটিএ আধিকারিক, এসডিও সহ বিভিন্ন সরকারি দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও প্রতিনিধিরাও এই বৈঠকে অংশ নেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নির্দেশে জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
বৈঠকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়িয়ে সরকারি প্রকল্পগুলির দ্রুত, স্বচ্ছ ও জনমুখী বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
পাশাপাশি রাস্তা, পরিকাঠামো ও পর্যটন কেন্দ্রিক নাগরিক পরিষেবা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
স্বাস্থ্য পরিষেবা, স্কুল ও উচ্চশিক্ষা, প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, যানজট সমস্যা কমানো সহ শহর ও পাহাড়কে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তোলার বিষয়েও একাধিক প্রস্তাব উঠে আসে।
এছাড়াও ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, প্রকৃত উপভোক্তাদের সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া, চা বাগান ও সিনকোনা বাগানের শ্রমিকদের পিএফ ও গ্র্যাচুইটির বকেয়া সংক্রান্ত সমস্যাও আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে ডিশা কমিটি গঠন, পঞ্চায়েত তহবিলের সঠিক ব্যবহার, মাদক সমস্যা, অবৈধ জমি দখল ও নারী – শিশু পাচারের মতো গুরুতর বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভবিষ্যতে নিয়মিতভাবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে এ ধরনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে, যাতে উন্নয়নমূলক কাজের জবাবদিহিতা ও বাস্তবায়ন আরও শক্তিশালী হয়।
সাংসদ রাজু বিস্তা জানান, “স্বচ্ছতা ও সততার সঙ্গে উন্নয়নই লক্ষ্য।
দার্জিলিং ও শিলিগুড়িকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ, সুস্থ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”











































