বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগেই হাতসাফাই! হালেরমাথার চুরি মামলায় পুলিশের জালে দুই যুবক!

বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগেই হাতসাফাই! হালেরমাথার চুরি মামলায় পুলিশের জালে দুই যুবক


শিলিগুড়ি: বাড়ির মালিক বিয়ে বাড়িতে যেতেই ফাঁকা বাড়িতে হাতসাফাই।

তবে বেশিদিন পালিয়ে থাকতে পারল না অভিযুক্তরা।

চুরি মামলায় দ্রুত তদন্ত চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনা ও রূপোর গয়নার বড় অংশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ তারিখ হালেরমাথা এলাকার বাসিন্দা তপন রায় পরিবারকে নিয়ে একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে যান।

কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তিনি দেখতে পান বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

অভিযোগ, বাড়ির মালিককে দেখতে পেয়েই দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঘটনায় বাড়ি থেকে সোনা ও রূপোর একাধিক গয়না খোয়া যায়।

এরপর ১৩ তারিখ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তপন রায়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে থানার সাদা পোশাকের পুলিশ।

ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন তথ্য সংগ্রহ করে শুরু হয় অভিযুক্তদের খোঁজ।

তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার হালেরমাথা সংলগ্ন সাধন মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ।

প্রথমে দীপঙ্কর সিংহ (২৬) নামে এক যুবককে আটক করা হয়। ধৃতের বাড়ি রামকৃষ্ণ জ্যোত এলাকায়। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিধান বর্মন (২২) নামে আরও এক যুবককে আটক করা হয়, যার বাড়ি বালাসন কলোনি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে চুরি হওয়া গয়নার একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা কিংবা কোনও বড় চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here