উত্তরবঙ্গে ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, শিলিগুড়িতে মণিপাল হাসপাতালের অত্যাধুনিক ট্রুবিম প্রযুক্তির উদ্বোধন



শিলিগুড়ি: উত্তরবঙ্গের ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করল মণিপাল হাসপাতাল।

শনিবার শিলিগুড়িতে মণিপাল হাসপাতালের কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টারে অত্যাধুনিক “ট্রুবিম” প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই প্রযুক্তির মাধ্যমে উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকার ক্যানসার রোগীরা আরও নির্ভুল, দ্রুত ও আধুনিক রেডিয়েশন থেরাপির সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের রাঘবাবেন্দ মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. স্বপ্নেন্দু বসু, সিনিয়র অনকোলজিস্ট ডা. মনীশ গোস্বামী সহ ডা. সৌরভ গুহ, হাসপাতাল হাসপালের ডিরেক্টর সঞ্জয় সিংহ ও বিভিন্ন বিভাগীয় আধিকারিক ও চিকিৎসকরা।


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ট্রুবিম হল পরবর্তী প্রজন্মের রেডিওথেরাপি প্রযুক্তি, যা রিয়েল-টাইম ইমেজিং ও মোশন ম্যানেজমেন্টের মাধ্যমে অত্যন্ত নির্ভুলভাবে টিউমারে রেডিয়েশন প্রয়োগ করতে সক্ষম।

এর ফলে সুস্থ কোষের ক্ষতি কম হয় ও রোগীরা কম পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে দ্রুত চিকিৎসা পেতে পারেন।

চিকিৎসকদের দাবি, উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলে ফুসফুস, ব্রেস্ট, হেড অ্যান্ড নেক ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যানসারের রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

এতদিন উন্নত রেডিয়েশন থেরাপির জন্য বহু রোগীকেই কলকাতা বা দেশের অন্য শহরে যেতে হত।

নতুন এই প্রযুক্তির ফলে এখন শিলিগুড়িতেই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব হবে।

মণিপাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ উত্তরবঙ্গের অনকোলজি পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে ও রোগীদের বাড়ির কাছেই উন্নত চিকিৎসা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

অনুষ্ঠানে একটি ইন্টারঅ্যাকটিভ সেশনও আয়োজন করা হয়, যেখানে চিকিৎসকরা ক্যানসার সম্পর্কে সচেতনতা, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here