শিলিগুড়ি: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল।
একাধিক জায়গায় অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের পুরনো পার্টি অফিস এখন বিজেপির নিয়ন্ত্রণে।
যদিও বিজেপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, দখল হওয়া অফিসগুলি পর্যায়ক্রমে ফিরিয়ে দেওয়া হবে।
কিন্তু ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের কানকাটা মোড়ে দেখা গেল অন্য ছবি।
অভিযোগ, তৃণমূলের ব্যবহৃত একটি পার্টি অফিস বর্তমানে বিজেপির দখলে রয়েছে ও সেই অফিসেই রবিবার অনুষ্ঠিত হলো বিজেপির সাংগঠনিক বৈঠক।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। দলীয় কর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।
বিধায়ক শিখা চ্যাটার্জির দাবি, “জায়গাটি ব্যক্তিগত সম্পত্তি। তৃণমূল কংগ্রেস তাদের আমলে জোর করে এটি ব্যবহার করতো।
এখন নিজের জায়গা ফিরে পেয়ে ভালো লাগছে। এই অফিস সাধারণ মানুষের কাজের জন্য ব্যবহার করা হবে।”
অন্যদিকে, ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও বিরোধী শিবিরের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দলীয় কার্যালয়কে কেন্দ্র করে এই টানাপোড়েন আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্কের ইঙ্গিত দিচ্ছে।











































