ইসলামপুর: বাইক চালাচ্ছেন অথচ মাথায় হেলমেট নেই?
তাহলে এবার সাবধান হওয়ার সময় এসে গিয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই একাধিক কড়া নির্দেশিকা জারি হয়েছে। তার মধ্যে অন্যতম হলো হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা।
শুধু শিলিগুড়ি নয়, ইসলামপুর, রায়গঞ্জ, ডালখোলা, চোপড়া, করণদিঘি, জলপাইগুড়ি, কোচবিহার ও মালদা সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় শুরু হয়েছে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান।
শিলিগুড়ি শহরের হিলকার রোড সহ ইসলামপুর শহরের আশ্রমপাড়া মোড় এলাকায় চলে সারপ্রাইজ চেকিং।
একের পর এক হেলমেটবিহীন বাইক আরোহীকে আটক করে জরিমানা করা হয়। বিভিন্ন জায়গাতেও একইভাবে চলছে ধরপাকড় অভিযান।
পুলিশ সূত্রে খবর, হেলমেট না পরে মোটরসাইকেল চালালে দিতে হচ্ছে মোটা অঙ্কের ফাইন।
শুধু চালক নয়, পিছনে বসা আরোহীর ক্ষেত্রেও হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে।
ট্রাফিক পুলিশের দাবি, দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমাতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।
আগামী দিনেও গোটা উত্তরবঙ্গ জুড়ে এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে প্রশাসন।














































