শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র উত্তরবঙ্গ সফরের আগেই শিলিগুড়ির বর্ধমান রোডের নতুন ফ্লাইওভারকে ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক জল্পনা।
দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় থাকা এই ফ্লাইওভারে হঠাৎ করেই নীল-সাদা রঙ পরিবর্তনের কাজ শুরু হওয়ায় শহরজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার রাতে ফ্লাইওভার এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা অমিত জৈন ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং।
পরিদর্শনের পর বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়, শহরের যানজট সমস্যার সমাধানে দ্রুত ফ্লাইওভার চালু করা অত্যন্ত জরুরি ও প্রশাসন সেই দিকেই এগোচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর সফরের আগে এই রঙ পরিবর্তনের কাজ শুধুমাত্র সৌন্দর্যায়নের অংশ নয়, বরং নতুন প্রশাসনিক বার্তারও ইঙ্গিত বহন করছে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি।
অন্যদিকে সাধারণ মানুষের দাবি, রাজনৈতিক তরজা নয়, দ্রুত ফ্লাইওভার চালু হওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কারণ দীর্ঘদিন ধরে বর্ধমান রোড এলাকায় যানজট নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফ্লাইওভার চালু হলে শহরের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় স্বস্তি মিলবে বলেই মনে করছেন বাসিন্দারা।
এখন সকলের নজর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ও ফ্লাইওভার উদ্বোধন নিয়ে সম্ভাব্য ঘোষণার দিকে।











































