শিলিগুড়ি: শিলিগুড়ির ব্যস্ত সেবক রোডে ফের বেপরোয়া গতির শিকার এক তরুণী।
অভিযোগ, রাস্তায় দুটি চারচাকা গাড়ি রেস করতে গিয়ে এটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে তরুণীর দুই চাকার গাড়িতে।
ঘটনায় গুরুতর আহত হন ওই তরুণী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুটি নিয়ে সেবক রোড দিয়ে যাচ্ছিলেন ওই তরুণী।
সেই সময় দ্রুতগতিতে আসা একটি চার চাকা গাড়ি আচমকাই তাঁর স্কুটিতে ধাক্কা মারে।
বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে আহত তরুণীকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে।
পরে তাঁকে চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গাড়িটি আরেকটি গাড়ির সঙ্গে রেস করছিল। পাশাপাশি চালক মদ্যপ অবস্থায় ছিল বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার জেরে কিছু সময়ের জন্য সেবক রোডে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।











































