৮ বছরের প্রতিজ্ঞার অবসান! বিজেপি ক্ষমতায় আসতেই চুল-দাড়ি কাটলেন বিজেপি নেতা!

চোপড়া: বাংলায় বিজেপি সরকার গঠনের পর দীর্ঘ ৮ বছরের কঠিন প্রতিজ্ঞা পূরণ করলেন চোপড়ার এক বিজেপি কর্মী।

বুধবার ব্যান্ড পার্টি, শোভাযাত্রা ও উৎসবের আবহে নিজের চুল- দাড়ি কাটলেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি এলাকার বাসিন্দা তথা স্থানীয় বিজেপি নেতা সুটকা সিংহ।

জানা গিয়েছে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সুটকা সিংহের স্ত্রী বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন।

সেই সময় অভিযোগ ওঠে, শাসকদলের সন্ত্রাসের জেরে বিরোধী প্রতিনিধিরা কাউন্টিং সেন্টারে ঢুকতেই পারেননি।

ফলে ভোট গণনা প্রক্রিয়া কার্যত ভেস্তে যায়।

ওই ঘটনার প্রতিবাদেই সুটকা সিংহ শপথ নিয়েছিলেন – যতদিন না বাংলায় তৃণমূল সরকারের পতন হচ্ছে ও বিজেপি ক্ষমতায় আসছে, ততদিন তিনি চুল-দাড়ি কাটবেন না।

এরপর কেটে যায় দীর্ঘ আট বছর। এই সময়ের মধ্যে তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যের মৃত্যু হলেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।

এমনকি ঠাকুরদার মৃত্যুর পর সামাজিক রীতি মেনে চুল-দাড়ি কাটার জন্য পরিবারের তরফে চাপ এলেও তিনি নিজের প্রতিজ্ঞা ভাঙেননি।

সাফ জানিয়ে দেন, বিজেপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি চুলে কাঁচি দেবেন না।

অবশেষে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গঠনের পর বুধবার আসে সেই প্রতীক্ষিত দিন।

খোঁজারুগছ এলাকার উত্তর বাহি ডাউক নদীর তীরে নিয়ম মেনে চুল-দাড়ি কাটেন সুটকা সিংহ।

পরে নদীতে ডুব দিয়ে চুল-দাড়ি ভাসিয়েও দেন তিনি।

বর্তমানে বিজেপির ২ নম্বর মণ্ডলের সহ-সভাপতি সুটকা সিংহের এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।

স্থানীয় আরও কয়েকজন বিজেপি কর্মীও তাঁর অনুপ্রেরণায় মাথা ন্যাড়া করেন।

পাশাপাশি মুড়ি-ঘুগনি ও খিচুড়ি বিতরণের আয়োজন করা হয়।

সুটকা সিংহের এই দীর্ঘ রাজনৈতিক জেদ ও প্রতিজ্ঞাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here