উত্তরকন্যার বৈঠকে একাধিক বড় ঘোষণা!

কর্মসংস্থান, মহিলাদের বাসে ভাড়া মকুব ও পুরনিগম দুর্নীতি তদন্তে জোর প্রশাসনের

শিলিগুড়ি: উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করা ও বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার উত্তরকন্যায় অনুষ্ঠিত হলো উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক।

দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন সংসদ রাজু বিস্তা ও বিধায়ক শংকর ঘোষ।

সাংবাদিক বৈঠকে জানানো হয়, আগামী জুন মাস থেকেই রাজ্যে চালু হতে চলেছে ‘জয় রামজি’ নামে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প।

প্রশাসনের দাবি, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ও গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়াও মহিলাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সরকারি বাস পরিষেবায় বিশেষ ছাড় চালুর কথাও ঘোষণা করা হয়।

আগামী জুন মাস থেকে মহিলাদের সরকারি বাসে ভাড়া মকুবের পরিকল্পনা কার্যকর হতে পারে বলে জানানো হয়েছে।

বৈঠকে শিলিগুড়ি পুরনিগম সংক্রান্ত একাধিক অভিযোগও উঠে আসে।

সাংবাদিকদের সামনে দাবি করা হয়, পুরনিগমে বড়সড় দুর্নীতির অভিযোগ প্রশাসনের নজরে এসেছে।

সেই অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

খুব শীঘ্রই তদন্ত প্রক্রিয়া শুরু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

অন্যদিকে যেসব পুরনিগম এলাকায় এখনও নির্বাচন সম্পন্ন হয়নি, সেখানে বর্ষার পর নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানানো হয়।

প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর।

বৈঠকে উত্তরবঙ্গের চা-বাগান এলাকাগুলির উন্নয়নকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

চা শিল্প ও চা-বাগান নির্ভর এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে।

প্রয়োজনে অন্যান্য রাজ্যের সফল মডেল অনুসরণের নির্দেশও আধিকারিকদের দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সাংসদ ও বিধায়ক জানান, উত্তরবঙ্গের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য ভবিষ্যতে প্রতি মাসে একবার করে এই ধরনের প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হবে।

পাশাপাশি পুলিশ, প্রশাসন সহ বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রশাসনিক সূত্রে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here