‘মিশন বন্দে মাতরম’-এ ইতিহাস গড়ার পথে পর্বতারোহী
নয়াদিল্লি: দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ডায়মন্ড জুবিলি বর্ষ উদযাপন ও ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করল Border Security Force।
“মিশন বন্দে মাতরম” কর্মসূচির অধীনে সম্পূর্ণ মহিলা সদস্যদের নিয়ে গঠিত একটি বিশেষ পর্বতারোহী দল মাউন্ট এভারেস্ট জয়ের উদ্দেশ্যে অভিযানে নেমেছে।
বুধবার বিএসএফ-এর পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
দেশের গর্ব, নারীশক্তির বিকাশ ও সাহসিকতার বার্তা তুলে ধরতেই এই বিশেষ অভিযানের আয়োজন করা হয়েছে।
বিএসএফ-এর ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ মহিলা সদস্যদের নিয়ে এভারেস্ট শৃঙ্গে আরোহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিশেষ দলে রয়েছেন লাদাখের কৈশের ফাতিমা, পশ্চিমবঙ্গের মুনমুন ঘোষ, উত্তরাখণ্ডের রাবিকা সিং ও লাদাখ – কার্গিলের সেরিং করোল।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা এই চার মহিলা পর্বতারোহী নিজেদের সাহস, শৃঙ্খলা ও আত্মনিবেদনের মাধ্যমে নারীশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিএসএফ সূত্রে খবর, দলটি ইতিমধ্যেই অভিযানের গুরুত্বপূর্ণ ‘অ্যাক্লিমাটাইজেশন’ পর্ব সফলভাবে সম্পন্ন করেছে ও বর্তমানে সাউথ কলে অবস্থান করছে।
আবহাওয়া অনুকূল থাকলে আগামী ২১ মে ভোরে চূড়ান্ত সামিট পুশের পরিকল্পনা রয়েছে।
বাহিনীর তরফে জানানো হয়েছে, এই অভিযানের মাধ্যমে জাতীয় সংহতি, নারী ক্ষমতায়ন ও দেশপ্রেমের বার্তা দেশের যুবসমাজের কাছে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।
পাশাপাশি নতুন প্রজন্মকে সাহস, অধ্যবসায় ও মাতৃভূমির সেবায় অনুপ্রাণিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।














































