ভোটার তালিকা ও শিলিগুড়ি পুরনির্বাচন-সহ একাধিক দাবিতে মিছিল
শিলিগুড়ি: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আগামীকাল, ৮ অক্টোবর মহকুমাশাসকের দফতর অভিযান কর্মসূচির ডাক দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই-এর দার্জিলিং জেলা কমিটি।
বুধবার হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ, ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা ও শিলিগুড়ি পুরসভার নির্বাচন দ্রুত সম্পন্ন করা।
ডিওয়াইএফআই-এর তরফে জানানো হয়েছে, আগামীকাল মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় কর্মী-সমর্থকেরা জমায়েত করবেন। সেখান থেকে মিছিল করে মহকুমাশাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা। পরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
সাংবাদিক বৈঠক থেকে সংগঠনের পক্ষ থেকে আগামীকালের কর্মসূচিতে কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।















































