ঘরের ছেলে এবার বিধানসভার অধ্যক্ষ, শিলিগুড়ি বিজেপি কার্যালয়ে রথীন্দ্র বোসকে ঘিরে উচ্ছ্বাস!

শিলিগুড়ি: দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এবার রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বে শিলিগুড়ির ‘ঘরের ছেলে’ রথীন্দ্র বোস।

বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে পৌঁছতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মী- সমর্থকেরা।

দলীয় কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মীরা।

ফুলের তোড়া, মালা ও শুভেচ্ছা বার্তায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রথীন্দ্র বোসকে।

দীর্ঘদিনের পরিচিত নেতা ও শহরের বাসিন্দা রাজ্যের বিধানসভার অধ্যক্ষের আসনে বসায় স্বাভাবিকভাবেই আবেগঘন পরিবেশ তৈরি হয় কার্যালয় চত্বরে।

অনেক কর্মী-সমর্থকই এটিকে শিলিগুড়ির গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন।

এবারের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে জয়লাভ করার পর তাঁকে বিধানসভার অধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়।

গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজের শহরে ফিরে আসায় বিজেপি শিবিরে উৎসবের আবহ তৈরি হয়।

রথীন্দ্র বোসের সঙ্গে শিলিগুড়ির সম্পর্ক বহুদিনের।

রাজনৈতিক জীবনের বড় অংশই তিনি উত্তরবঙ্গ ও শিলিগুড়িকে কেন্দ্র করে কাটিয়েছেন।

ফলে তাঁর এই সাফল্যকে উত্তরবঙ্গের মানুষের সাফল্য হিসেবেও দেখছেন অনেকেই।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন্দ্র বোস বলেন, “উত্তরবঙ্গকে আর কোনওভাবে বঞ্চিত রাখা হবে না।

রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও জানান, মানুষের স্বার্থে আগামী দিনে বৃহৎ পরিসরে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।

দলীয় নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গ থেকে একজন অভিজ্ঞ নেতার বিধানসভার অধ্যক্ষ হওয়া শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here