রাজগঞ্জ বিডিও অফিসে প্রথম প্রশাসনিক বৈঠক, দুর্নীতির বিরুদ্ধে ক*ড়া বার্তা দুই বিধায়কের!

রাজগঞ্জ: দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার রাজগঞ্জ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার ও ডাবগ্রাম – ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি।

বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার পর এদিনই প্রথম রাজগঞ্জ ব্লক প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন দুই জনপ্রতিনিধি।

বৈঠকের শুরুতেই তাঁদের ফুলের তোড়া, উত্তরীয় ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়।

বৈঠকে এলাকার উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়ন ও সাধারণ মানুষের পরিষেবা আরও উন্নত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি নতুন সরকারের আমলে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন দুই বিধায়ক।

তাঁরা জানান, আগের মতো দুর্নীতির অভিযোগে জড়িত কোনো পঞ্চায়েত প্রতিনিধি বা জনপ্রতিনিধির বিরুদ্ধে নমনীয় মনোভাব নেওয়া হবে না।

একই সঙ্গে কোনো সরকারি আধিকারিক দায়িত্ব পালনে গাফিলতি করলে বা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

এছাড়াও প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

অন্যদিকে রাজগঞ্জের বিডিও সৌরভ কান্তি মণ্ডল জানান, নবনির্বাচিত দুই বিধায়ককে নিয়ে এটি একটি সৌজন্য বৈঠক ছিল।

বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে পরিচয়পর্বের পাশাপাশি একাধিক প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায়, জয়েন্ট বিডিও নাজিবুল শেখ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও প্রশাসনিক আমলারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here