আশা কর্মীদের ভাতা বাড়লেও বঞ্চিত NUHM কর্মীরা, মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র; রাজ্যজুড়ে পেন ডাউন আন্দোলন!

শিলিগুড়ি: ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ডেপুটেশন জমা দিলেন ন্যাশনাল আরবান হেলথ মিশন (NUHM)-এর অন্তর্গত কর্মীরা।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর হাতে জমা দেওয়া এই দাবিপত্র মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

কর্মীদের অভিযোগ, সাম্প্রতিক রাজ্য বাজেটে আশা কর্মী-সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও NUHM-এর অধীনে কর্মরত কর্মীদের জন্য কোনও আর্থিক সুবিধার ঘোষণা করা হয়নি। ফলে তাঁরা নিজেদের বঞ্চিত বলে মনে করছেন।

আন্দোলনকারীদের দাবি, শুধুমাত্র আশা কর্মীরাই স্বাস্থ্য পরিষেবার সমস্ত কাজ পরিচালনা করেন – এমন ধারণা বাস্তবসম্মত নয়।

তাঁদের বক্তব্য, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যপরীক্ষা, ওষুধ বিতরণ, ল্যাবরেটরি সংক্রান্ত কাজ, চিকিৎসা পরিষেবা পরিচালনা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন NUHM-এর কর্মীরাও।

অথচ তাঁদের অবদান ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি মিলছে না।

এদিনের আন্দোলনে কমিউনিটি হেলথ কর্মী, JNM কর্মী, চিকিৎসক, ফার্মাসিস্ট-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন।

একই দাবিতে রাজ্যজুড়ে পেন ডাউন কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান তাঁরা।

জানা গিয়েছে, শিলিগুড়িতে NUHM-এর মোট ১০টি ইউনিট রয়েছে।

সব মিলিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন কর্মী এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন।

আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here