নয়াদিল্লি: দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব সামলানোর পাশাপাশি এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ইতিহাস গড়ল সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রথম মহিলা পর্বতারোহী দল।
“মিশন বন্দে মাতরম”-এর আওতায় মাউন্ট এভারেস্ট অভিযান সফলভাবে সম্পূর্ণ করে নজির সৃষ্টি করেছেন চার মহিলা জওয়ান।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, লাদাখের কাউসার ফাতিমা, পশ্চিমবঙ্গের মুনমুন ঘোষ, উত্তরাখণ্ডের রাবেকা সিং ও কার্গিলের ত্সেরিং চোরোল – এই চার সদস্যের দল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছন।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতার এই শৃঙ্গ জয় করতে দীর্ঘদিন কঠোর প্রশিক্ষণ ও প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁদের।
গত ৬ এপ্রিল নয়াদিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই অভিযান।
বিএসএফের হীরক জয়ন্তী বর্ষ ও ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অভিযান সংগঠিত করা হয়।
বাহিনীর কর্তাদের মতে, এই সাফল্য শুধু বিএসএফ নয়, গোটা দেশের জন্যও গর্বের মুহূর্ত সাথে সশস্ত্র বাহিনীতে মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত।
অভিযান চলাকালীন চরম প্রতিকূল আবহাওয়া, তীব্র ঠান্ডা ও অক্সিজেনের ঘাটতির মধ্যেও সাহস ও ধৈর্যের পরিচয় দেন এই মহিলা জওয়ানরা।
এভারেস্টের চূড়ায় পৌঁছে তাঁরা ‘বন্দে মাতরম’ গান পরিবেশন করেন, যা দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক বলে উল্লেখ করেছেন আধিকারিকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানের জন্য শুভেচ্ছা ও উৎসাহবার্তা পাঠান বলেও জানিয়েছে বিএসএফ।
শুধু পর্বতারোহণ নয়, পরিবেশ রক্ষার বার্তাও দিয়েছে এই অভিযান।














































