শিলিগুড়ি: এক মহিলার সঙ্গে সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা।
অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতার ছেলেকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে অভিযুক্তের হোটেল ও একটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে আচমকা কয়েকজন যুবক ও স্থানীয় বাসিন্দা অভিযুক্তের হোটেলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন।
প্রথমে বচসা, পরে উত্তেজনা বাড়তেই হোটেলের কিছু অংশে হামলা চালানো হয় বলে অভিযোগ।
ঘটনায় বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
যদিও পুরো ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলেই দাবি করেছেন তৃণমূল নেতা রফিকুল ইসলাম।
তাঁর বক্তব্য, “এখন খারাপ সময় চলছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।”
ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিছু সময়ের জন্য এলাকায় চরম উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে রাত পর্যন্ত কোনও পক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।











































