অবৈধ দখলের বিরুদ্ধে বুলডোজার অভিযান, কড়া পদক্ষেপ প্রশাসনের
চোপড়া: উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল প্রশাসন।
সোমবার চোপড়ার হাপতিয়াগছ অঞ্চলের ধুমডাঙ্গী বাজার এলাকায় পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে চলল উচ্ছেদ অভিযান।
বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় একাধিক অবৈধ দোকানপাট ও স্থায়ী কাঠামো।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ধুমডাঙ্গী এলাকায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের বাউন্ডারির সীমানা ঘেঁষে দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারি গড়ে উঠেছিল।
সেই অভিযোগের ভিত্তিতেই এদিন অভিযান চালানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
চোপড়ার বিডিও সৌরভ মাজি জানান, অয়েল ইন্ডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছিল।
অভিযোগে বলা হয়েছিল, অয়েল ইন্ডিয়ার বাউন্ডারির পাশ দিয়ে যাওয়া রাস্তার জায়গা দখল করে অবৈধ নির্মাণ করা হয়েছে।
মহকুমা শাসকের নির্দেশ অনুযায়ী প্রশাসন এদিন উচ্ছেদ অভিযান চালিয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সরকারি জমি বা রাস্তা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ এলে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই অভিযানে ক্ষোভও প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এক ব্যবসায়ীর দাবি, বহু বছর ধরে তাঁরা ওই এলাকায় দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
পোল্ট্রি, মাছের দোকান-সহ একাধিক ছোট ব্যবসা এই উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।












































