আধার সংযোগে দীর্ঘ লাইন, পরিষেবা বাড়ানোর দাবিতে সরব বিধায়ক!

শিলিগুড়ি: আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তিকরণ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

শিলিগুড়ি প্রধান ডাকঘরে প্রতিদিন বাড়ছে ভিড়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না পরিষেবা – এমনই অভিযোগকের পর ডাক বিভাগের হস্তক্ষেপ দাবি করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়নের পোস্ট মাস্টার জেনারেলের উদ্দেশ্যে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন বিধায়ক।

চিঠিতে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে শিলিগুড়ি প্রধান ডাকঘরে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে।

বিশেষ করে মহিলা ও দূরদূরান্ত থেকে আসা মানুষজনকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

বর্তমানে সীমিত সংখ্যক পরিষেবা কাউন্টার থাকার কারণেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে দাবি করেন তিনি।

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত অতিরিক্ত কাউন্টার চালুর পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামো বাড়ানোর আবেদন জানিয়েছেন বিধায়ক।

চিঠিতে তিনি আরও জানান, জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হলে মানুষ সহজ ও দ্রুত পরিষেবা পাবে।

বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য ডাক বিভাগের কাছে আবেদনও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here