শিক্ষকদের ঐক্যে জোর, সদস্য সংগ্রহে সরব রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ!

শিলিগুড়ি: শিক্ষকদের সাংগঠনিক ঐক্য আরও মজবুত করতে ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সদস্য সংগ্রহ অভিযানে জোর দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ।

মঙ্গলবার শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের উপস্থিতি সেই বার্তাই স্পষ্ট করে দেয়।

শিলিগুড়ি শিক্ষা জেলার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ব্লক ও শিলিগুড়ি পুরনিগম এলাকার কয়েক শতাধিক শিক্ষক অংশ নেন।

সমাবেশে সংগঠনের পক্ষ থেকে শিক্ষকদের অধিকার, শিক্ষা ক্ষেত্রের বর্তমান পরিস্থিতি ও শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

সংগঠনের জেলা সম্পাদক দীপঙ্কর সাহা জানান, শিক্ষকদের বৃহত্তর স্বার্থে সবাইকে একত্রিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

তিনি বলেন, “শিক্ষকদের ঐক্যবদ্ধ শক্তিই আগামী দিনে শিক্ষার পরিবেশকে আরও সুসংহত করতে সাহায্য করবে।”

এদিন বহু শিক্ষক সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

পাশাপাশি “রাষ্ট্র অনুকূল শিক্ষা পরিবেশ” গড়ে তোলার আহ্বান জানিয়ে পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরির ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকরা বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও শিক্ষক সমাজকে একত্রিত করে শিক্ষা ও সমাজ গঠনের কাজে আরও বৃহত্তর ভূমিকা নেওয়ার জন্য এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here