ঝড়ে লন্ডভন্ড শিলিগুড়ি, পানিট্যাংকিতে পৌঁছে মেয়রকে ফোন বিধায়ক শঙ্কর ঘোষের!

শিলিগুড়ি: বৃহস্পতিবার বিকেলে আচমকাই কালো মেঘে ঢেকে যায় শহর শিলিগুড়ির আকাশ।

এরপরই শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের ঝড়েই শহরের একাধিক এলাকা কার্যত তছনছ হয়ে যায়।

ঝড়ের তাণ্ডবে বহু বড় বড় গাছ উপড়ে রাস্তায় পড়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল, পাশাপাশি আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে ছিল চম্পাসারি, পানিট্যাংকি সহ শহরের বিভিন্ন অংশ।

কোথাও রাস্তার উপর বিশাল গাছ ভেঙে পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আবার কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

ঝড় থামার পর থেকেই প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির মোকাবিলায় তৎপরতা শুরু হয়।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই পানিট্যাংকি এলাকায় পৌঁছে যান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন।

পাশাপাশি দ্রুত রাস্তা পরিষ্কার ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গেও ফোনে কথা বলেন বিধায়ক শঙ্কর ঘোষ।

শহরের বিভিন্ন এলাকায় পড়ে থাকা গাছ সরানো ও জরুরি পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে প্রশাসনের সমন্বিত উদ্যোগের উপর জোর দেন তিনি।

ঝড়ের জেরে শহরের বিভিন্ন এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ থাকলেও প্রশাসনের তরফে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here