শিলিগুড়ি: প্রবল ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে শিলিগুড়ি শহরের একাধিক এলাকা।
শহরের বিভিন্ন প্রান্তে ছোট-বড় বহু গাছ উপড়ে পড়ায় ব্যাহত হয় যান চলাচল ও আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে ছিল পানিট্যাঙ্কি মোড় সহ শহরের প্রায় ১২ থেকে ১৩টি গুরুত্বপূর্ণ স্থান।
ঝড় থামার পরই পরিস্থিতি সামাল দিতে দ্রুত মাঠে নামে শিলিগুড়ি পুরনিগমের বিপর্যয় মোকাবিলা বিভাগ।
পাশাপাশি দমকল বিভাগ, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হয় উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ।
উপড়ে পড়া গাছ কেটে সরিয়ে ফেলা ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতা দেখা যায় প্রশাসনের মধ্যে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকায় রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
পরিস্থিতির উপর নজর রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
সঙ্গে ছিলো পুরনিগমের জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দে, বিদ্যুৎ বিভাগের মেয়র পারিষদ কমল আগরওয়াল সহ মেয়র পারিষদ সিক্তা দে বসু রায়।
পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বাকি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতেও দ্রুত কাজ চালিয়ে যাওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমানো যায়।











































