শিলিগুড়ি: কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে শিলিগুড়িতে বিশেষ কর্মসূচির আয়োজন করল বিজেপি।
বুধবার শহরের মায়ের ইচ্ছা মন্দিরে পুজো-অর্চনার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সাফল্যকে স্মরণ করেন দলের কর্মী-সমর্থকেরা।
বিজেপি নেতাদের বক্তব্য, গত ১২ বছরে পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল পরিষেবার সম্প্রসারণ, জনকল্যাণমূলক প্রকল্প সহ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে মোদি সরকারের ভূমিকা উল্লেখযোগ্য।
সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক, এই কামনায় মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্যও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। পুজোকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ- উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।











































