ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত ৬ শ্রমিক, আটকে আরও অনেকে
উত্তরপ্রদেশ: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের হামিরপুর জেলা।
বেতোয়া নদীর উপর নির্মীয়মাণ একটি সেতুর অংশ আচমকাই ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত ৬ শ্রমিকের।
এখনও ধ্বংসস্তূপের নীচে আরও কয়েক জন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোরাকান্দার পারসানি ও নৈথি গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে বেতোয়া নদীর উপর ওই সেতুর নির্মাণকাজ চলছিল।
গভীর রাতে আচমকা প্রবল ঝড় শুরু হয়। সঙ্গে ছিল মুষলধারে বৃষ্টি। সেই সময়ই সেতুর একটি বড় স্ল্যাব ভেঙে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন।
তবে ধ্বংসস্তূপের বিশাল আকারের কারণে দ্রুত উদ্ধার সম্ভব হয়নি।
পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী ও জেলা প্রশাসনের আধিকারিকরা।
উদ্ধারকাজে সহায়তার জন্য নামানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।
হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দকুমার বর্মা জানিয়েছেন, রাত প্রায় ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে।
আরও তিন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসায় যাতে কোনও রকম গাফিলতি না হয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে প্রশাসনকে।
ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।














































