শিলিগুড়ি: শিক্ষাব্যবস্থার সংস্কার, সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা বন্ধ ও অবৈধ মাদ্রাসার তদন্তের দাবিতে শুক্রবার শিলিগুড়ির মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ উত্তরবঙ্গ শাখা। সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শিলিগুড়ি মহুকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপি জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মন্ডল জানান, রাজ্য সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে ৬১৪টি স্বীকৃত মাদ্রাসা রয়েছে।
পাশাপাশি অনুমোদিত ও বেসরকারি স্তরে পরিচালিত মাদ্রাসার সংখ্যা প্রায় ৬হাজার বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, ধর্মীয় শিক্ষার উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে বহু শিক্ষার্থী মূলধারার সার্বিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, “তরুণ প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ উচ্চশিক্ষার পথে এগিয়ে নিয়ে যাওয়াই হওয়া উচিত সরকারের প্রধান লক্ষ্য।”
সংগঠনের পক্ষ থেকে অসমের শিক্ষামডেলের ধাঁচে রাজ্যে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
পাশাপাশি সরকারি তহবিল থেকে মাদ্রাসা পরিচালনায় অনুদান বন্ধের দাবিও তোলা হয়।
এছাড়াও অবৈধভাবে গড়ে ওঠা মাদ্রাসাগুলির তদন্ত ও বেআইনি দখলকৃত জমিতে নির্মিত মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।
এদিনের কর্মসূচিতে সংগঠনের একাধিক সদস্য ও সমর্থক উপস্থিত ছিলো।











































