ধন্যবাদ বিতর্কে উত্তপ্ত শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিং, সভা বয়কট বিজেপির!

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ৫১তম বোর্ড মিটিংয়ে শুক্রবার ধন্যবাদ জ্ঞাপনকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি কাউন্সিলররা সভা বয়কট করে বেরিয়ে যান।

পরে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

জানা গিয়েছে, এদিন বাগড়াকোর্ট এলাকায় আন্ডারপাস তৈরির দাবিতে একটি মোশন আনেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী।

অভিযোগ, সেই মোশন পেশ করার সময় রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়নি।

এরপর পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন উঠে সরকারকে ধন্যবাদ জানান।

আর তা নিয়েই আপত্তি তোলেন শরদিন্দু চক্রবর্তী।

শরদিন্দু চক্রবর্তীর বক্তব্য, যে বিষয়ে মোশন আনা হয়েছে তার বাইরে গিয়ে সরকারকে ধন্যবাদ জানানো অনভিপ্রেত।

তিনি প্রশ্ন তোলেন, “কেন অকারণে সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে? এর মাধ্যমে কী বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে?”

এরপরই সভাকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজেপি কাউন্সিলরদের অভিযোগ, তৃণমূল ও সিপিএম একসঙ্গে “সেটিং” করে চলছে।

ধন্যবাদ জ্ঞাপনের সময় “গট আপ” শব্দ ব্যবহার করতেই সিপিএম কাউন্সিলররা ক্ষুব্ধ হয়ে ওঠেন ও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজেপির একাধিক কাউন্সিলর সভা বয়কট করে বেরিয়ে যান।

এই ঘটনাকে ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

আগামী দিনে এই সংঘাত শহরের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here