গুজরাট: দেশের সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করতে বড়সড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্তে দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা ফেন্সিংয়ের বিষয়টিকে দেশের নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি।
বাংলায় রাজনৈতিক পরিবর্তনের পর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি প্রদানের প্রক্রিয়া দ্রুত শুরু হয়েছে।
বিএসএফের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানান, ভবিষ্যতে শুধুমাত্র সীমান্ত পাহারা নয়, বরং সম্পূর্ণ সীমান্তবর্তী অঞ্চলকে কেন্দ্র করে একটি “চতুষ্কোণীয় নিরাপত্তা বলয়” তৈরি করা হবে।
যেখানে সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনা ও বিএসএফ একযোগে কাজ করবে।
তিনি বলেন, “স্মার্ট বর্ডার সিকিউরিটি প্রজেক্ট”-এর আওতায় সীমান্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানো হচ্ছে।
ড্রোন, রাডার, অত্যাধুনিক ওয়াচ টাওয়ার ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে সীমান্তে কড়া নিরাপত্তা গড়ে তোলা হবে।
সরকারের তরফে এই প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলার সীমান্ত প্রসঙ্গে অমিত শাহ বলেন, ভৌগোলিক কারণে কিছু জায়গায় ফেন্সিং করা কঠিন হলেও যেখানে সম্ভব, সেখানে জমির অভাবে কাজ আটকে ছিল।
তবে বর্তমানে রাজ্য সরকার সীমান্ত ফেন্সিংয়ের জন্য জমি দিতে সম্মত হয়েছে ও কিছু জমি ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, শুধু স্থলপথ নয়, জঙ্গল ও নদীপথ দিয়েও যাতে অনুপ্রবেশ না ঘটে, তার জন্য প্রযুক্তিনির্ভর বিশেষ ফেন্সিংয়ের কাজও দ্রুত এগোচ্ছে।
বিএসএফ জওয়ানদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় তাঁদের সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগের জন্য গোটা দেশ গর্বিত।














































