শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ভবসুন্দর কলোনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
বুধবার গভীর রাতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
মৃতদের নাম প্রমিলা রায় ও তাঁর ছেলে রাজু রায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে শর্ট সার্কিটের জেরে কোনওভাবে লোহার গ্রিল ও অন্যান্য অংশে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ে।
সেই সময় বিশেষভাবে সক্ষম প্রমিলা রায় জানালার লোহার গ্রিলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
মাকে বিপদের মধ্যে দেখে তাঁকে উদ্ধার করতে ছুটে যায় ছেলে রাজু রায়।
কিন্তু তিনিও বিদ্যুতের কবলে পড়েন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
এদিকে একই এলাকায় আরও এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাঁকে দ্রুত উদ্ধার করে সেবক রোডের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণ চলছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ ও বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার কর্মীরা।
পরে মা ও ছেলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার জেরে ভবসুন্দর কলোনিতে শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার প্রাক্তন কাউন্সিলর। পুলিশ ও বিদ্যুৎ দপ্তর ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।















































