শিলিগুড়ি: প্রতিদিনের মতোই সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই বন্ধু।
কিন্তু কর্মস্থলে পৌঁছনোর আগেই জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হল তাঁদের।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফাঁসিদেওয়া মহকুমার কাশীরাম এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুটি নিয়ে ফুলবাড়ির দিকে রওনা হয়েছিলেন মিন্টু শীল ও কৃষ্ণ হালদার।
ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কে পৌঁছতেই একটি অজ্ঞাতপরিচয় ভারী গাড়ি তাঁদের স্কুটিতে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
ধাক্কার জেরে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পাশাপাশি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরে জানা যায়, মৃত দুই যুবকের বাড়ি ফাঁসিদেওয়া মহকুমার লিউসিপাকুড়ি সংলগ্ন কাশীরাম এলাকায়।
মিন্টু শীল ও কৃষ্ণ হালদারের বয়স আনুমানিক ২০ থেকে ২৪ বছরের মধ্যে।
তাঁরা ফুলবাড়ি এলাকার একটি চানাচুর কারখানায় কর্মরত ছিলেন।
প্রতিদিনের মতোই কাজে বেরিয়েছিলেন, কিন্তু আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হল না তাঁদের।
এই আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার-পরিজন।
কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। দুই তরতাজা যুবকের অকালপ্রয়াণে গোটা গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্ত গাড়িটিকে শনাক্ত করে চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।












































