রাজগঞ্জ: অবৈধ চোলাই মদের কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বেলাকোবা ফাঁড়ির পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বেলাকোবার ফুটকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ তৈরির সামগ্রী ও ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িটিতে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে চোলাই মদ তৈরি করা হচ্ছিল।
এদিন পুলিশ পৌঁছতেই অভিযুক্ত ব্যক্তি বাড়ির পেছনের জঙ্গল দিয়ে পালিয়ে যায়।
এরপর গোটা এলাকায় তল্লাশি চালানো হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তল্লাশির সময় বাড়ি থেকে প্রায় ৫০ কেজি বাখর (ইস্ট), ৫০ লিটার প্রস্তুত চোলাই মদ, চারটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি সহ দুটি ফ্ল্যানেল উদ্ধার হয়।
পাশাপাশি মাটির নিচে লুকিয়ে রাখা পাঁচটি বড় প্লাস্টিকের জারে প্রায় এক হাজার লিটার ফারমেন্টেড ওয়াশের সন্ধান মেলে। পরে আইন মেনে ওই ওয়াশ ঘটনাস্থলেই নষ্ট করে দেয় পুলিশ।
স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ মদের কারবার চলছিল।
পুলিশের এই অভিযানে চোলাই মদ চক্রের বিরুদ্ধে কড়া বার্তা গেল বলে মনে করছেন বাসিন্দারা।
ঘটনার তদন্ত শুরু করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ সাথে পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।












































