তালা ভেঙে রাধাগোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার রুপোর অলংকার ও নগদ উধাও!

চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের তিন মাইল রোড এলাকার রাধাগোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরি।

জানা যায়, গভীর রাতে মন্দিরের একাধিক তালা ভেঙে ঢুকে লক্ষাধিক টাকার রুপোর অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে।

মন্দির কমিটির দায়িত্বপ্রাপ্ত বিজন কুমার বিশ্বাস জানান, শুক্রবার গভীর রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৩টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে।

সকালে খবর পেয়ে তিনি মন্দিরে এসে দেখেন মূল গেটের তালা ভাঙা। এরপর ভেতরের আরও দুটি গেট ভেঙে দুষ্কৃতীরা মন্দিরে প্রবেশ করে।

অভিযোগ, চুরির সময় মন্দিরে থাকা সেবায়েত বৈদ্যনাথ সরকারকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়।

এরপর গোবিন্দজির হাতে থাকা প্রায় ৬০ গ্রাম ওজনের রুপোর বাঁশি, একটি রুপোর মালা ও দানপাত্র ও ক্যাশবাক্সে থাকা প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া সামগ্রীর মোট মূল্য লক্ষাধিক টাকা।

স্থানীয় বাসিন্দা দীনেশ বিশ্বাস বলেন, এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি।

তাঁর দাবি, সম্প্রতি কিছু মাদকাসক্ত যুবকের দৌরাত্ম্য বেড়েছে ও তাদের যোগ থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

এখন পুলিশের তদন্তে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here