শিলিগুড়ি: শহরে বেআইনি নির্মাণ রুখতে নজরদারি আরও জোরদার করল শিলিগুড়ি পুরনিগম।
শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে নয়, এবার বিভিন্ন এলাকায় নির্মীয়মাণ ভবনে সরাসরি পরিদর্শনে নেমেছেন পুর কমিশনার বিক্রম রাই।
এই অভিযানের মূল লক্ষ্য শহরের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা ও নির্মাণ বিধি কঠোরভাবে কার্যকর করা।
পরিদর্শনের সময় ভবনের অনুমোদিত নকশা, বিল্ডিং প্ল্যান ও অন্যান্য প্রয়োজনীয় নথি খতিয়ে দেখা হয়।
যেখানে প্রাথমিকভাবে অনিয়ম বা নিয়ম লঙ্ঘনের অভিযোগের সত্যতা মিলেছে, সেখানে সংশ্লিষ্ট নির্মাতা ও মালিকদের সতর্ক করা হয়েছে।
প্রয়োজনে আইন অনুযায়ী নোটিস, জরিমানা কিংবা অবৈধ অংশ ভেঙে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছে পুরনিগম।
পুর কমিশনার বিক্রম রাই স্পষ্ট বার্তা দিয়ে বলেন, শহরের উন্নয়নের স্বার্থে কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না।
অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ করাই বাধ্যতামূলক ও নিয়ম ভাঙলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুরনিগম সূত্রে জানা গেছে, আগামী দিনেও শহরের বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের পরিদর্শন ও অভিযান নিয়মিত চলবে।
পাশাপাশি, কোথাও বেআইনি নির্মাণ চোখে পড়লে তা দ্রুত পুরনিগমকে জানানোর জন্য নাগরিকদেরও আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের দাবি, নাগরিকদের সহযোগিতায় একটি পরিকল্পিত, নিরাপদ ও নিয়ম মেনে গড়ে ওঠা শিলিগুড়িই এই অভিযানের প্রধান লক্ষ্য।












































