রাজগঞ্জ: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ফিরে পেল বিজেপি।
সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত প্রধান নির্বাচনে বিজেপি সমর্থিত উত্তম রায় নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন।
তাঁর জয়ের পর পঞ্চায়েত চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৯ সদস্যের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে বিজেপি ১৫টি, তৃণমূল কংগ্রেস ১২টি ও নির্দল প্রার্থীরা ২টি আসনে জয়ী হয়েছিলেন।
সংখ্যাগরিষ্ঠতা থাকলেও পরে রাজনৈতিক সমীকরণ বদলে যায়।
বিজেপির টিকিটে নির্বাচিত পূর্ণিমা রায় তৃণমূলে যোগ দেন বলে অভিযোগ ওঠে।
এরপর তৃণমূল বোর্ড গঠন করে ও পূর্ণিমা রায় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
পরবর্তীতে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের আবহে গত ২২ মে প্রধানের পদ থেকে ইস্তফা দেয় পূর্ণিমা রায়।
সেই শূন্য পদে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিন ২৯ জন সদস্যের মধ্যে ১৬ জন ভোটগ্রহণে অংশ নেন।
তাঁদের মধ্যে বিজেপির ১৪ জন, তৃণমূলের ১ জন ও ১ জন নির্দল সদস্য উত্তম রায়ের পক্ষে ভোট দেন।
সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে তিনি নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন।
এই ফলাফলের মাধ্যমে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে ফের ক্ষমতার পালাবদল ঘটল।
রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তন শুধু একটি পঞ্চায়েতের বোর্ড বদল নয়, বরং এলাকার বর্তমান রাজনৈতিক সমীকরণেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।















































