শিলিগুড়ি: অনুমতি ছাড়া রাস্তার ধারে, ফুটপাতে বা সরকারি জায়গায় বিজ্ঞাপনী হোর্ডিং লাগানোর প্রবণতার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল শিলিগুড়ি পুরনিগম।
বৃহস্পতিবার সেবক রোডের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একাধিক অবৈধ হোর্ডিং ও ব্যানার অপসারণ করা হয়।
পুরনিগমের কর্মীরা এদিন বিভিন্ন স্থানে লাগানো অনুমতিহীন বিজ্ঞাপন খুলে ফেলে।
পুর প্রশাসনের দাবি, নিয়ম মেনে অনুমতি নিয়ে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা থাকলেও অনেকেই তা না মেনে অবৈধভাবে হোর্ডিং লাগাচ্ছে।
এতে একদিকে যেমন শহরের সৌন্দর্য ক্ষুণ্ন হচ্ছে, তেমনি পথচারীদের চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে।
পুরনিগম সূত্রে জানা গেছে, এটি শুধুমাত্র একটি দিনের অভিযান নয়। শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নজরদারি চালিয়ে অবৈধ হোর্ডিং সরানোর কাজ চলবে।
পাশাপাশি, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।
শহরকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে বলে পুরনিগম সূত্রে খবর।












































