শিলিগুড়ি: এক গাড়ি, কিন্তু তিনটি আলাদা রাজ্যের নম্বর প্লেট।
তার ওপর গাড়ির ছাদের ভিতরে তৈরি করা হয়েছিল বিশেষ গোপন চেম্বার।
সেই চেম্বার থেকেই উদ্ধার হল প্রায় ৪২ কিলোগ্রাম গাঁজা।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ এশিয়ান হাইওয়ে-২-এর কেষ্টপুর এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় একটি সন্দেহভাজন চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ির ছাদের ভিতরে তৈরি গোপন চেম্বার থেকে ৪২ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজা অসম থেকে এনজেপি হয়ে বিহারের পাটনায় পাচার করা হচ্ছিল।
পাশাপাশি তল্লাশিতে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
একই গাড়ির জন্য তিনটি ভিন্ন রাজ্যের নম্বর প্লেট উদ্ধার হয়।
পুলিশের অনুমান, বিভিন্ন রাজ্যে পুলিশের নজর এড়াতে পাচারকারীরা আলাদা আলাদা নম্বর প্লেট ব্যবহার করত।
জানা গেছে, সমগ্র অভিযানটি গেজেটেড অফিসার এসিপি অনির্বাণ মজুমদারের উপস্থিতিতে পরিচালিত হয়।
অভিযানে বাগডোগরা থানার ওসি কল্যাণ শাহ, সাদা পোশাকের দলের ওসি শ্রমিক পাল-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা অংশ নেন।
ঘটনাস্থল থেকে ৪২ কিলোগ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, ৭ হাজার টাকা নগদ সহ পাচারে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই ঘটনায় বিহারের বাসিন্দা বিক্কি কুমার (২৩) ও প্রবীণ কুমার (২৬)-কে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু হয়েছে।
বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে।
যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করা কোনও মাদক পাচারকারীকে কোনওভাবেই রেয়াত করা হবে না।












































