ডেডলাইন পেরোতেই বুলডোজারের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ‘অরণ্যের কূল’ ক্যাফে!

ক্যানিং: প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রম করার পর অবশেষে বুলডোজারের সাহায্যে ভেঙে ফেলা হল ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন বলে পরিচিত ‘অরণ্যের কূল’ ক্যাফে।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালিতে প্রশাসনের উপস্থিতিতে শুরু হয় ভাঙার অভিযান।

প্রশাসনের অভিযোগ, মাতলা নদীর চর ও সরকারি জমি দখল করে বেআইনিভাবে এই ক্যাফে নির্মাণ করা হয়েছিল।

সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন ২৯ জুন পর্যন্ত স্বেচ্ছায় কাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।

নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তা না মানায় বুলডোজার দিয়ে কাঠামো ভাঙার কাজ শুরু হয়।

অভিযানকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য সকাল থেকেই গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।

ক্যানিং মহকুমা পুলিশ প্রশাসনের নেতৃত্বে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।

প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত থেকে গোটা অভিযান তদারকি করেন।

প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করা ও নদী সংলগ্ন এলাকার পরিবেশ রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশাসনের এই অভিযানে সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।

তবে এই ঘটনায় ইমরান মোল্লা বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here