শিলিগুড়ি: কোচবিহারের আদলে শিলিগুড়ির প্রধান প্রধান রাস্তায় টোটো চলাচলের অনুমতি- সহ তিন দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল CITU দার্জিলিং জেলা ই-রিক্সা চালক ইউনিয়ন।
বৃহস্পতিবার এই দাবিকে সামনে রেখে শিলিগুড়ির কোর্টমোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলে বিপুল সংখ্যক টোটো চালক অংশ নেন। পরে মিছিলটি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভকারীদের তিন দফা দাবির মধ্যে ছিল শিলিগুড়ির প্রধান প্রধান রাস্তায় টোটো চলাচলের অনুমতি প্রদান, টোটোর জন্য টোটোর নম্বর প্লেটের ব্যবস্থা সহ চালকদের প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান।
ই-রিক্সা চালক ইউনিয়নের নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দাবিগুলি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
তাঁদের দাবি, কোচবিহারে যেভাবে প্রধান রাস্তায় টোটো চলাচলের সুযোগ রয়েছে, একই ব্যবস্থা শিলিগুড়িতেও চালু করা হোক।
সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, অবিলম্বে দাবিগুলি মেনে নিয়ে প্রধান রাস্তায় টোটো চলাচলের অনুমতি না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।















































