সোমবার থেকে শিয়ালদহ বিভাগে একগুচ্ছ নতুন লোকাল ও এসি ট্রেন, বাড়ছে একাধিক রুটের পরিষেবা!

কলকাতা: উপনগরীয় রেলযাত্রীদের সুবিধার্থে বড়সড় পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ।

যাত্রীদের ক্রমবর্ধমান চাপ কমানো, পিক আওয়ারের ভিড় নিয়ন্ত্রণ সহ আরও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ৬ জুলাই সোমবার একাধিক নতুন লোকাল ট্রেন, নতুন এসি ইএমইউ পরিষেবা সহ বিভিন্ন রুটে ট্রেন সম্প্রসারণ কার্যকর হবে।

জানানো হয়েছে, বর্তমানে চলমান ১০টি এসি ইএমইউ পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন শিয়ালদহ – বারাসাত এসি লোকাল। ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে।

শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছেড়ে বারাসাত পৌঁছবে ও বারাসাত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ফিরতি যাত্রা শুরু করবে।

হাসনাবাদ শাখার যাত্রীদের জন্যও বড় সুবিধা আনা হয়েছে। বারাসাত – হাসনাবাদ লোকাল এখন থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকেই ছাড়বে, ফলে মেট্রোর সঙ্গে আরও সহজ সংযোগ তৈরি হবে।

পাশাপাশি বারাসাত – দমদম ক্যান্টনমেন্ট নতুন লোকাল পরিষেবাও চালু হচ্ছে।

দক্ষিণ শাখায় সন্ধ্যার ব্যস্ত সময়ে শিয়ালদহ – ডায়মন্ড হারবার রুটে দুটি নতুন পরিষেবা চালু করা হচ্ছে।

এছাড়া বর্তমানে স্পেশাল হিসেবে চলা সোনারপুর- ডায়মন্ড হারবার ও ডায়মন্ড হারবার – শিয়ালদহ ট্রেনকে নিয়মিত পরিষেবায় অন্তর্ভুক্ত করা হবে।

শিয়ালদহ – ক্যানিং শাখায় শিয়ালদহ – সোনারপুর লোকালকে ক্যানিং পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে।

একইসঙ্গে ক্যানিং থেকে নতুন লোকাল পরিষেবাও চালু হবে।

বারুইপুর – লক্ষ্মীকান্তপুর শাখায়ও শিয়ালদহ – বারুইপুর লোকালকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত বাড়ানো হয়েছে।

উত্তর শাখায় শিয়ালদহ – রানাঘাট লোকাল পরীক্ষামূলকভাবে কৃষ্ণনগর পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে।

যাতে রাতের শেষ দিকে কৃষ্ণনগরগামী যাত্রীদের সুবিধা হয়।

পাশাপাশি রানাঘাট – শান্তিপুর – কৃষ্ণনগর লোকাল আমঘাটা পর্যন্ত বাড়ানো হচ্ছে ও নতুন আমঘাটা – কৃষ্ণনগর লোকাল চালু করা হচ্ছে, যা শিয়ালদহ ও শান্তিপুরমুখী ট্রেনের সঙ্গে সহজ সংযোগ গড়ে তুলবে।

শিয়ালদহ বিভাগের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজীব সাক্সেনা জানান, যাত্রীদের দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

তাঁর কথায়, পিক আওয়ারের ভিড় কমানো, আরও আরামদায়ক যাত্রা নিশ্চিত করা সাথে মেট্রোর সঙ্গে উন্নত সংযোগ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পাশাপাশি নিরাপদ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত পরিষেবা দিতে শিয়ালদহ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here