একদিকে রহস্যমৃত্যু, অন্যদিকে ট্রেনচালকের তৎপরতায় রক্ষা শাবক-সহ হাতির পাল – একদিনে ডুয়ার্সে হাতি নিয়ে দুই ভিন্ন ছবি!

আলিপুরদুয়ার: একদিকে রহস্যজনকভাবে একটি পূর্ণবয়স্ক বুনো হাতির মৃত্যু, অন্যদিকে ট্রেনচালকের তৎপরতায় শাবক-সহ হাতির পালের প্রাণরক্ষা – একই দিনে উত্তরবঙ্গে হাতিকে ঘিরে সামনে এল দুই বিপরীত ছবি।

বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশা রেঞ্জের শিলবাংলা বিটের অন্তর্গত লেপড়াগুড়ি বনবস্তি এলাকায় একটি পূর্ণবয়স্ক বুনো হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পাশাপাশি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গুজব না ছড়ানোর আবেদনও জানানো হয়েছে।

অন্যদিকে, রেল কর্তৃপক্ষ প্রকাশিত একটি ভিডিওতে উঠে এসেছে বন্যপ্রাণ রক্ষার এক মানবিক দৃষ্টান্ত।

জানা যায় গত ১ জুলাই রাত প্রায় ১১টা নাগাদ সেবক ও গুলমা স্টেশনের মধ্যবর্তী রেলপথে একটি আপ লাইট ইঞ্জিন নিয়ে যাওয়ার সময় লোকো পাইলট মুকেশ কুমার ও সহকারী লোকো পাইলট অভিজিৎ দাস দেখতে পান, দুটি পূর্ণবয়স্ক হাতি ও একটি শাবক রেললাইন পার হওয়ার চেষ্টা করছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁরা সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষে ইঞ্জিন থামিয়ে দেন।

হাতির দল নিরাপদে রেললাইন পার হয়ে যাওয়ার পরই ফের যাত্রা শুরু হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লোকো পাইলট ও সহকারী লোকো পাইলটের দ্রুত সিদ্ধান্ত, সতর্কতা ও দায়িত্বশীল মনোভাবের ফলেই একটি সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে সাথে শাবক-সহ হাতির পালের প্রাণ রক্ষা পেয়েছে।

একই দিনে উত্তরবঙ্গে হাতিকে ঘিরে এই দুই ঘটনা ফের মনে করিয়ে দিল, একদিকে যেমন বন্যপ্রাণের অস্বাভাবিক মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে, তেমনই অন্যদিকে মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ বহু মূল্যবান প্রাণ বাঁচাতেও সক্ষম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here