নেতাজি ইন্ডোরে প্রদীপ প্রজ্বলন, জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভাষণ
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার কলকাতায় আয়োজিত হল ‘সেবা জ্যোতি’ কর্মসূচি।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক পথচলাকে সামনে রেখে দেশজুড়ে যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে কলকাতায় এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার ভাবনা ও কাজের ধরন তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাঁর বক্তব্যে উঠে আসে মোদীর ‘প্রধান সেবক’ হিসেবে কাজ করার দৃষ্টিভঙ্গি।
শুভেন্দুর দাবি, প্রধানমন্ত্রী নিজেকে শুধু দেশের প্রশাসনিক প্রধান হিসেবে দেখেন না, বরং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত একজন ‘প্রধান সেবক’ হিসেবে মনে করেন।
তাঁর কাজের ধরন দেশের মানুষের কাছে অনুপ্রেরণার বলেও মন্তব্য করেন তিনি।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয় প্রধানমন্ত্রীর ভাষণ।
উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
অনুষ্ঠানে রাজ্যের একাধিক মন্ত্রী এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ছিল।
শুধু কলকাতাতেই নয়, প্রধানমন্ত্রী মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে একই দিনে পশ্চিমবঙ্গের ২৩টি সাংগঠনিক জেলাতেও ‘সেবা জ্যোতি যাত্রা’র আয়োজন করা হয়।
বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের পর মশাল হাতে পদযাত্রার আয়োজন করা হয়।
বিজেপির বক্তব্য, জনসেবা ও প্রশাসনিক নেতৃত্বের ২৫ বছরের যাত্রাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই কর্মসূচি।
কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে একই দিনে কর্মসূচির মাধ্যমে মোদীর দীর্ঘ রাজনৈতিক পথচলাকে স্মরণ করা হয়।















































