ইসলামপুর: ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা অভিযানের ডাক দেয় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা।
দলীয় কার্যালয় শিবডাঙ্গিপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে ইসলামপুর পৌরসভা অফিসে পৌঁছায়।
পৌরসভায় পৌঁছে বিক্ষোভকারীরা দেখতে পান মূল ফটক বন্ধ রয়েছে।
এরপর তারা ফটকের সামনে বিক্ষোভ দেখিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। পরে ফটক খুলে দিলে বিজেপি যুব মোর্চার কর্মী- সমর্থকরা পৌরসভার ভেতরে প্রবেশ করে চেয়ারম্যানের দপ্তরের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন।
চেয়ারম্যান অফিসে উপস্থিত না থাকায় তাঁর ঘরের সামনেই দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে।
এ সময় বিজেপি কর্মীরা “চোর, চোর” স্লোগান দিতে থাকেন ও চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, চেয়ারম্যান অনুপস্থিত থাকায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেন পৌরসভার ভাইস চেয়ারম্যান।
তিনি বলেন, “এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দীর্ঘদিন ধরে মানুষ আমাদের কাজের উপর আস্থা রেখে পৌর বোর্ড পরিচালনার দায়িত্ব দিয়েছে।
সরকার পরিবর্তনের পর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে।”
ঘটনাকে কেন্দ্র করে পৌরসভা চত্বরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন ছিল।
উল্লেখযোগ্য কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।















































