শিলিগুড়ি: মাটিগাড়া এলাকায় জমি প্রতারণা ও বেআইনি জমি দখলচক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ।
সেই অভিযানে পৃথক দুটি মামলায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ।
ধৃতদের নাম রিঙ্কু সিং (মাটিগাড়া বাজার), রাজেশ ওরাঁও (বানিয়াখাড়ি) ও পঙ্কজ তামাং (দেবিডাঙা বাজার)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ জুন দায়ের হওয়া একটি জমি প্রতারণার মামলায় রিঙ্কু সিংকে গ্রেফতার করা হয়।
পাশাপাশি বৃহস্পতিবার নথিভুক্ত হওয়া আরও একটি মামলায় রাজেশ ওরাঁও ও পঙ্কজ তামাংকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারি ও ব্যক্তিমালিকানাধীন ফাঁকা জমি ভুয়ো নথির সাহায্যে বেআইনিভাবে হস্তান্তরের কাজ চালিয়ে আসছিল বলে অভিযোগ।
এই চক্রের সঙ্গে ভূমি সংক্রান্ত দফতরের কয়েকজন কর্মীর সম্ভাব্য যোগসাজশের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, সম্প্রতি সাংসদ রাজু বিস্তা পুলিশের হাতে ২২ জন কথিত জমি মাফিয়ার একটি তালিকা জমা দিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া এই তিন অভিযুক্তের নামও ওই তালিকায় রয়েছে।
যদিও তদন্তের স্বার্থে পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি।
শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, ভুয়ো নথি তৈরিতে কারা সাহায্য করেছে ও জমি প্রতারণার পরিধি কতটা বিস্তৃত তা জানতে তদন্ত আরও জোরদার করেছে মাটিগাড়া থানার পুলিশ।















































