নদীর বাঁধে প্রায় ৩০০ ফুট ধস, আতঙ্কে সাহেবখালি-সহ বিস্তীর্ণ এলাকা; স্থায়ী কংক্রিট বাঁধের দাবি বাসিন্দাদের!

উত্তর ২৪ পরগনা: কথায় আছে, “নদীর ধারে বসবাস, চিন্তা বারো মাস” – সুন্দরবনের মানুষ যেন প্রতিনিয়ত সেই বাস্তবতারই মুখোমুখি হচ্ছেন।

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন সংলগ্ন সাহেবখালি এলাকায় কালিন্দী নদীর বাঁধে প্রায় ৩০০ ফুট ধস নামায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, জোয়ারের সময় বা টানা বৃষ্টি হলে যেকোনো মুহূর্তে নদীর জল বাঁধ ভেঙে সাহেবখালি-সহ পার্শ্ববর্তী এলাকায় ঢুকে পড়তে পারে।

ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ।

ঘটনা প্রসঙ্গে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি জানান, প্রশাসন ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে। সেচ (ইরিগেশন) দপ্তরকে খবর দেওয়া হয়েছে ও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি যদি আরও গুরুতর হয়ে ওঠে, তাহলে দ্রুত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হবে।

অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, কালিন্দী নদীর এই বাঁধে একই জায়গায় বারবার ধস, বসে যাওয়া ও ফাটল ধরার ঘটনা ঘটছে।

অস্থায়ী মেরামতির বদলে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে একটি স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছেন তাঁরা।

বর্ষার মরসুমে সুন্দরবনের নদীবাঁধের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সাহেবখালি- সহ গোটা এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here