সিকিম: টানা বৃষ্টির মধ্যেই পশ্চিম সিকিমের রিম্বি এলাকায় ফের ভূমিধসের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।
পাহাড়ের ঢাল থেকে বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নীচের দিকে নেমে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের বিভিন্ন অংশ থেকে কাদা ও পাথরের স্রোত নেমে আসছে।
সেই স্রোত বসতি ও রাস্তার দিকে এগিয়ে আসায় বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
রিম্বি এলাকায় দীর্ঘদিন ধরেই ভূমিধসের সমস্যা রয়েছে। বিশেষ করে বর্ষার সময় পাহাড়ি ঢাল থেকে মাটি, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। এর আগেও ভারী বৃষ্টির জেরে ওই এলাকায় একাধিকবার বড়সড় ধসের ঘটনা ঘটেছে।
গতকাল ধস নামার পর ফের নতুন করে ধস নামায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। ফলে রিম্বি ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে নজরদারিতে রাখা হয়েছে।
পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হচ্ছে।
স্থানীয়দের দাবি, বর্ষাকালে রিম্বি এলাকায় ভূমিধসের সমস্যা মোকাবিলায় স্থায়ী পদক্ষেপ প্রয়োজন।















































