পশ্চিম মেদিনীপুর: ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
দলীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন আরও পাঁচজন।
ঘাটাল সাংগঠনিক জেলার কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগে পাঁচখুরি গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলীয় কার্যালয়ে একটি লোহার রডে পতাকা উত্তোলনের সময় রডটি বেঁকে পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ করে।
সঙ্গে সঙ্গেই প্রবল বিদ্যুৎস্পৃষ্ট হন সেখানে উপস্থিত কর্মীরা।
ঘটনায় কেশপুর ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি প্রবীণ হালদার- সহ মোট পাঁচজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় সকলকে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মৃত বিজেপি কর্মীর নাম পাপাই পান (২৫)। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।















































